পীরগাছায় প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা

আমাদের প্রতিদিন
2026-03-03 03:04:44

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় জমজমাট প্রচারণা চলছে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস, রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি পদগুলো সদস্যদের মতামতের ভিত্তিতে পূরণ করা হবে। দুপুর ২ থেকে সাড়ে ৩ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের। সভাপতি পদে দুজন এবং সাধারন সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দীতা করছেন।

এবারে সভাপতি লড়ছেন সাবেক সভাপতি দৈনিক পরিবেশ পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল হক মুন্সী ও দৈনিক করতোয়া’ এবং দৈনিক বায়ান্নর আলো প্রতিনিধি সাবেক সভাপতি এম খোরশেদ আলম। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন সাবেক সাধারন সম্পাদক দৈনিক আজকের পত্রিকা’র প্রতিনিধি তাজরুল ইসলাম, দৈনিক যুগের আলো প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি গোলাম আজম সরকার, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সৈয়দ আলী।

ভোটের দিন নির্বাচন পরিচালনা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম আমিনুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের আহ্বায়ক শাহ কামাল ফারুখ লাবু, সদস্য সচিব শাহজাহান সিরাজ মাসুদ। এছাড়াও উপদেষ্টাগণ উপস্থিত থাকবেন।

জানতে চাইলে প্রেসক্লাবের আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শাহ কামাল ফারুক লাবু বলেন, প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।