নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার তৎপরতা চালালেও রবিবার (২৪ আগস্ট) বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ উৎস রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র ও নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন, লহ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।
তিনি জানান, ব্যবহারিক পরীক্ষা শেষে শনিবার (২৩ আগস্ট) বিকেলে উৎসসহ বন্ধু আলামিন (১৮), মাহদী হাসান (১৯), সাকিল (১৮), শিশির (১৮), কাইফ কিফায়াত (১৭) ও রুপম ইসলাম (১৮) তিস্তা সেতু এলাকায় ঘুরতে আসে। বিকেল সাড়ে ৫টার দিকে সাহসিকতা দেখানোর জন্য তিন বন্ধু সাকিল, উৎস ও রুপম নদীতে লাফ দেয়। এতে সাকিল ও রুপম সাঁতরিয়ে ডাঙ্গায় উঠে গেলেও উজানের পাহাড়ী ঢলে বেশ তীব্র স্রোত থাকায় উৎস তিস্তার পানিতে তলিয়ে যায়। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযানেও উৎসকে খুঁজে পাওয়া যায়নি। রবিবার সকাল থেকে ডুবুরী দল উদ্ধারে অভিযান চালায়।
রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, তিস্তা নদীতে প্রবল স্রোত রয়েছে। সেই স্রোতে হয়তো উৎস দূরে ভেসে গেছে। গতকাল বিকেল থেকে ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে আসছে। এখন পর্যন্ত উৎসকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।