‎কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে ‘সোনালি আঁশ’

2026-08-26 16:50:33
news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

কালের বিবর্তনে হারানো ঐতিহ্যকে ফিরে পেতে শুরু করেছে ‘সোনালি আঁশ’ খ্যাত পাট। রংপুরের বদরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় এবার পাটের দাম ও ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। দীর্ঘদিন পর লাভের মুখ দেখছেন চাষিরা। এতে করে নতুন করে আশার আলো দেখছেন তারা।

সরেজমিন বিভিন্ন বাজার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর, রামনাথপুর, শ্যামপুর, কুতুবপুর, নাগেরহাট, লোহানীপাড়া ও রাধানগর হাট-বাজারে দেখা গেছে, প্রতি মণ পাট গুণগতমান অনুযায়ী ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। এতে খুশি কৃষকরা।

রাধানগরের চাষি নূরুল আমিন বলেন, “গত বছর পাটের ভালো দাম পেয়েছিলাম, তাই এবার ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। প্রতি বিঘায় খরচ হয়েছে ৯ থেকে ১০ হাজার টাকা। ফলনও ভালো হয়েছে ১০ থেকে ১২ মণ করে পেয়েছি। খালে-বিলে পানি থাকায় শেষ মুহূর্তে জাগ দিতে সুবিধা হয়েছে।”

গোপীনাথপুরের আরেক চাষি আবুল কালাম জানান, “সাড়ে পাঁচ বিঘায় পাট চাষ করেছি। আবহাওয়া অনুকূলে না থাকলেও বিঘা প্রতি সাড়ে ১২ মণ করে পাট পেয়েছি। এর মধ্যে ৩২ মণ পাট ৩ হাজার টাকা দরে বিক্রি করেছি। আরও সাড়ে ৩০ মণ পাট মজুদ রেখেছি।”

পাটের দাম ভালো থাকলেও শঙ্কা রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। কুতুবপুর নাগেরহাটের পাট ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, “জুলাই-আগস্ট থেকেই নতুন পাট উঠছে। গত বছর যেখানে প্রতি মণ কিনেছি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়, সেখানে এবার কিনছি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। এতে চাষিরা লাভবান হলেও আমরা কিছুটা ঝুঁকিতে আছি। বিশেষ করে ভারতের বাজারে রপ্তানি কমে গেলে দাম পড়ে যেতে পারে।”

এ বিষয়ে রংপুর অঞ্চলের পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুর রহমান জানান, “গত ১ মাস ধরে জেলার বিভিন্ন হাট-বাজারে নতুন পাট উঠতেছে। দাম ভালো থাকায় কৃষকরা খুশি। আশা করছি আগামী মৌসুমে আরও বেশি পাট চাষ হবে। কয়েক বছর ক্ষতির মুখে পড়লেও কৃষকরা হার মানেনি। এবার তারা বেশ লাভবান হচ্ছেন।