রংপুরে পরীক্ষাকেন্দ্রে ডিভাইসসহ দুই চাকরিপ্রার্থী আটক, ২০ দিনের কারাদন্ড

2026-03-03 13:51:20

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর মহানগরের হারাগাছ থানাধীন ময়নাকুটি সিনিয়র মাদ্রাসা ও গুলালবুদাই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের ‘সহকারী উপ খাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই চাকরি প্রার্থীকে আটকের পর প্রত্যেককে ২০ দিনের করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দুইজনের কাছ থেকে ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। গতকাল ২৯ নভেম্বর শনিবার দুই চাকরি প্রার্থীকে আইনী প্রক্রিয়া শেষে রংপুর কারাগারে পাঠায় হারাগাছ থানা পুলিশ।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সাহাদুল্লাপুর মুরয়াদহ গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে ইদ্রিস আলী আকন্দ (৩০) ও কুড়িগ্রাম উলিপুরের মালতীবাড়ী গ্রামের এরশাদুুলের ছেলে সাজ্জাদুল ইসলাম (২৪)

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ২৯ নভেম্বর শনিবার রংপুর মহানগরের ৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে ‘সহকারী উপ খাদ্য পরিদর্শক’ পদে চাকুরী প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় ইলেকট্রনিক ডিভাইস কানে লাগিয়ে লিখিত পরীক্ষা দেওয়ার সময় ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ইদ্রিস আলী ও গুলালবুদাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আটক করে হলের দায়িত্বর ব্যক্তিরা। এ সময় তাদের দ্জুনের কাছ থেকে ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীম কুমার দাস ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় পরীক্ষায় জালিয়াতির অপরাধে চাকরি প্রার্থী ইদ্রিস আলী আকন্দ এবং সাজ্জাদুল ইসলাম প্রত্যেককে ২০ দিনে করে কারাদন্ডের রায় প্রদান করেন।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, দন্ডপ্রাপ্ত দুইজনকেই আইনী প্রক্রিয়া শেষে গতকাল শনিবার রংপুর কারাগাড়ে পাঠানো হয়েছে।