নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের সকল সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের অংশগ্রহণে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারী) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সুজন–সুশাসনের জন্য নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আনাস এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী আহসানুল আরেফিন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সুজন কমিটির সভাপতি অধ্যক্ষ নূরন নবী। তিনি শুভেচ্ছা বক্তব্যে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে তাঁরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং একে অপরের হাত ধরে জনগণের সামনে শপথ নেন। অঙ্গীকারে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে তাঁরা নিজ নিজ এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তাঁরা আশ্বাস দেন।
এছাড়া প্রার্থীরা জানান, নির্বাচনে পরাজিত হলে গণরায় মেনে নেবেন এবং বিজয়ী প্রার্থীকে সহযোগিতা করবেন। একই সঙ্গে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে বরণ করে নিয়ে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনগণও শপথ বাক্য পাঠ করেন। তাঁরা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার এবং কোনো প্রকার কালো টাকার বিনিময়ে ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন এবং গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সুজনের সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন। এছাড়া উপজেলা সুজনের সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন ও ইয়ুথ প্রতিনিধি মেহজাবীন মৌ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুজনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইয়ুথ সদস্যরা এবং দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিন।