পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
আমি কেন অসৎ কাজ করবো ? কেউ যদি করতেও বলে আমি কেন করবো ? আমাকে বলতে হবে আমি কত দূর পর্যন্ত আমার কার্যক্রম চালনা করতে সততার পরিচয় দিয়েছি, দক্ষতার পরিচয় দিয়েছি, আইনের কাঠামো অনুযায়ী করেছি, ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেছি। ন্যায় বিচার শব্দের অর্থ কিন্তু শুধু বিচারকের চার দেয়ালে নয়।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পীরগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। রংপুরের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে রংপুরের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসেন, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বিশেষ অতিথি ছিলেন।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, অফিসার ইনচার্জ সোহেল রানা উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসারগণ, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার বলেন-আপনাদেরকে সর্তক থাকতে হবে সোস্যাল মিডিয়াসহ অনেক রকম বার্তা আসতে পারে, বা গুজব আসতে পারে, আপনারা কোন বার্তায় যাবেন না, আপনার বার্তা একটা, ভোট করা, সুন্দর ভোট করা, সুন্দর ভোট বলতে বুঝি সাধারণ মানুষের কাছে যেন গ্রহন যোগ্যতা পায়।
তিনি বলেন, গোপনে কেউ যদি অতিরিক্ত ব্যালট বক্সে প্রবেশ করায় আপনি দেখতে পেলেন না, ভোট গণনার সময় আপনি দেখবেন কোন ব্যালটে আপনার কাছে রক্ষিত গোপন সিল ও আপনাদের স্বাক্ষর ব্যবহৃত হয়নি। আর আপনি যদি নিজে থেকেই আগেই জাল ব্যালটে স্বাক্ষর করে থাকেন তাহলে ন্যায় বিচারক হবেন কিভাবে ? তিনি আরও বলেন-প্রিজাইটিং অফিসারগণ প্রত্যোকেই নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে আমরা ৫ জন দায়িত্বে, টেকনাথ থেকে তেতুলিয়া প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্র এই ৫ জনের পক্ষে পরিচালনা করা কি সম্ভব?
বিশেষ অতিথি রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, এ বছর নির্বাচন হওয়ার কথা ছিল না, এটি আরও পরে হবার কথা ছিল, নির্মম, নির্যাতনের মাত্রা এতো বেশি বৃদ্ধি পেয়েছিল, বৈষম্য’র মাত্রা এতো বৃদ্ধি পেয়েছিল, অন্যায্যতা, অনাচার, অবিচার সমাজে প্রতিয়মান ছিল যার ফলে আবু সাঈদরা জীবন দিয়েছিল, জীবন দিয়েছিল আমাদের সন্তানরা, যার ফলে এ প্রেক্ষাপট তৈরী হয়েছে। আমরা জাতিকে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচন উপহার ও পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর আমুল পরিবর্তন চাই, সেই রাস্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য গতানুগতিক ভোট থেকে বের হয়ে এসে গণভোটের ব্যবস্থা করেছি, বিশ্বের কোথাও এই গণভোটের হয়েছে কি না সেটা ইতিহাস পর্যালোচনা করতে হবে। মিডিয়া মারফত যতটুকু জেনেছি এধরনের গণভোট কোথাও হয়নি। রংপুর রেঞ্জ এর ডিআইজি আমিনুল ইসলাম বলেন- পীরগঞ্জের সন্তান আবু সাঈদ জীবন দেওয়ার কারণে আন্দোলন সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ে। সেখান থেকে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ হয়, এই পথ পরিক্রমায় চৌদ্দ’শ এর উপরে আমাদের ছাত্র জনতা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। তিন হাজারের উপরে আহত হয়েছে। ২৪ না হলে ইলেকশন হতো ২৯ এ। এই ইলেকশনটা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার কারণে বাংলাদেশে যে নতুন বন্দোবস্তের কথা আমরা সবাই বলি বা শুনি সেটার জন্য আজকের এই নির্বাচন।