আব্দুল্লাহ আল আমিনঃ
বিআরটিএ রংপুর বিভাগের আওতাধীন রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে উক্ত চেক হস্তান্তর করা হয়। রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৮৪ টি পরিবারের মাঝে ৩ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে ক্ষতিগ্রস্থ পরিবার, রংপুর জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, আমরা এ রকম সড়ক দুর্ঘটনা আর দেখতে চাই না, যদি ঘটেই যায় তবে তাদের পাশে সকলে দাড়াবো। অর্থের সহযোগীতা করায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই, এখানে ৫লক্ষ, ৩ লক্ষসহ সর্বনিম্ন ১ লক্ষ টাকার অনুদান পাচ্ছে। এ সব অনুদানের মূল উৎস শ্রমিক ইউনিয়ন। তারা সরকারকে দিচ্ছে বলে কল্যান ট্রাস্ট তৈরি করে আমরা আপনাদের দিতে পারছি। অনলাইনে আপনারা আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই করে আমরা অনুদান দিবো। আপনাদের আবেদনের ৯০ দিনের মধ্যে আপনারা অনুদান পাবেন।
তিনি আরো বলেন, আমরা সামনে ড্রাইভারদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামতে দিবোনা। আপনাদের প্রতি অনুরোধ আপনারা সচেতন হউন, সচেতনতার সহিত রাস্তায় চলাচল করুন।
পরে চেক হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।