জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো-এটিএম আজহারুল ইসলাম

2026-02-23 08:35:32

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে  আমির এটিএম আজহারুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বদরগঞ্জ পৌরশহরের সাহাপুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।  ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের মাধ্যমে শোষণ, দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ  গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি আরো বলেন,আগামী ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রার্থী ও নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং হুমকি প্রদান করছে, কিন্তু হুমকি ধমকি ও আক্রমণ করে জামায়াতে ইসলামীর জন্য প্রিয়তাকে স্তব্ধ করা যাবে না।

তিনি আরো বলেন,জনগণ আর হুমকিতে  ভয় পায় না। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে  দেওয়া হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদ গঠন করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো এবং  ন্যায় ও ইনসাফভিত্তিক  রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ।

এটিএম আজহারুল ইসলাম দেশের হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী দেশের হিন্দুধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাজ করতে চায় বলে দুইজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যাতে করে তারা নির্বাচিত হয়ে হিন্দুদের পক্ষে তাদের অধিকার আদায়ে কথা বলতে পারে। তাছাড়া দলীয় নেতাকর্মীদেরকে প্রতিপক্ষ যদি কোন ধরণের উস্কানি দেয় তাহলে এড়িয়ে চলার আহবান জানান যাতে করে নির্বাচনী শৃংখলা বিনষ্ট না হয়।

নির্বাচনীয় জনসভায় আরো বক্তব্য রাখেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কামরুজ্জামান,নায়েবে আমির শাহ মো. রুস্তম আলী এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ ১১  দলীয় জোটের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।