নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা রবিবার (৮ই ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রংপুর বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই নির্দেশ দেন।
নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। তিনি আরো বলেন, আপনাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে এই নির্বাচনের মূল শক্তি। উপদেষ্টা নির্বাচন সংশ্লিষ্টদের সর্তক করে বলেন, ব্যালট বাক্স ছিনতাই হলে বা ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারসহ কেউ ছাড় পাবেন না।
উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যেকোনো ধরনের অপতৎপরতা ও কার্যক্রম কঠোর হস্তে দমন করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ গড়ে তোলার জন্য নির্বাচন পূর্ববর্তী ০৪ (চার) দিন নিবিড় টহল পরিচালনা করতে হবে। উপদেষ্টা চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রমে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, এবার নির্বাচনে গতানুগতিক বিষয় ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকছে। ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’, বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোনসহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তাছাড়া এবারই সবচেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (প্রায় ৯ লক্ষ) মোতায়েন করা হয়েছে। সিনিয়র সচিব নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, এবার প্রিজাইডিং অফিসার সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। তার সঙ্গে একজন অস্ত্রধারী আনসারসহ প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫-৬ জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। তাছাড়া স্ট্রাইকিং ফোর্স ও টহল টিমও থাকবেন। সিনিয়র সচিব এসময় সঠিক নিয়ত, ধৈর্য ও মনোবল অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন র্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম এবং বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালক (অপস এন্ড ট্রেনিং) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর বিভাগের সকল জেলাপ্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, আঞ্চলিক/জেলা/উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিজিবি'র প্রতিনিধিবৃন্দ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুর বিভাগের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ। তাই এই বিভাগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করছি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই। শতভাগ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।