নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) রাতে গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রায়হান সিরাজী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বিশ্বাসী। তিনি বলেন, নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বাত্মকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, ভোটের রাজনীতির বাইরে গিয়ে মানবিকতা, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন কোনো ভয়-ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাকে সমর্থন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামান। তিনি বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। জামায়াতে ইসলামী সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে।
পরশুরাম থানা আমীর অ্যাডভোকেট মাহবুব আলম বলেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শান্তিপূর্ণ সহাবস্থান, নিরাপত্তা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।