বেরোবিতে বিকাশ-নগদ লেনদেনের ফাঁদ: প্রতারণার অভিযোগে জালাল স্টুডিওর মালিক আটক

2026-02-23 22:51:34

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন আবু সাঈদ গেট এলাকার ‘জালাল স্টুডিও’র মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্টুডিওর মালিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের ধারাবাহিক অভিযোগ ও আন্দোলনের মুখে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তাজহাট থানা পুলিশ এ পদক্ষেপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী রিফাত আল আহাদ এবং ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাথি সরকারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী এ প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, স্টুডিওতে বিকাশ বা নগদের মাধ্যমে লেনদেনের পরপরই তাদের গোপন তথ্য, যেমন লেনদেনের সময় ও পরিমাণ একটি প্রতারক চক্রের কাছে চলে যায়।

পরে ওই প্রতারক চক্রটি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ফোন করে এবং ‘ভুলবশত মামলা হয়েছে’ বলে ভয় দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি করে। তারা হোয়াটসঅ্যাপে পুলিশের ইউনিফর্ম পরা ছবি পাঠিয়ে নিজেদের বিশ্বাসযোগ্য প্রমাণের চেষ্টা করে এবং বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয়।

রিফাত আল আহাদ জানান, তাকে ফোন করে ১৭ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। অন্যদিকে, সাথি সরকারকে একই কৌশলে ৪ হাজার ৫০০ টাকার লেনদেন সংক্রান্ত তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা তাজহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। জানা গেছে, এর আগেও এই দোকান থেকে লেনদেন করে কয়েকজন শিক্ষার্থী প্রতারিত হলেও তখন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ আরেক শিক্ষার্থীর ৩ হাজার টাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় উদ্ধার হওয়ার পর এবং শিক্ষার্থীদের তীব্র আপত্তির মুখে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জালাল স্টুডিওর মালিককে আটক করে।

এ বিষয়ে তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক জানান, ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে জনরোষ থেকে রক্ষা করতে স্টুডিওর মালিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষার্থীরা ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের অপরিচিত দোকান থেকে আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।