নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন না করার বিষয়ে প্রকাশিত সংবাদের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালিত হয়নি এমন প্রতিবেদন দৈনিক আমাদের প্রতিদিন এ প্রকাশিত হয়। ২১ ফেব্রুয়ারি মাল্টিমিডিয়ায়, ২২ ফেব্রুয়ারি অনলাইনে এবং ২৩ ফেব্রুয়ারি প্রিন্ট সংস্করণে সংবাদটি প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল মিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মুঠোফোনে পত্রিকার নিজস্ব প্রতিবেদক নির্মল রায়ের সঙ্গে যোগাযোগ করে তাকে হুমকি দেন এবং বুধবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা করার নির্দেশ দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়।
এদিকে, সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, এভাবে আপনার সঙ্গে কথা বলা উনি ঠিক করেননি। বিষয়টি আমি দেখছি।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি জাতীয় দিবস। এ দিবস যথাযথ মর্যাদায় পালন করা সবার দায়িত্ব। কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত। একজন শিক্ষক কর্তৃক সাংবাদিককে হুমকি দেওয়া দুঃখজনক ও অনভিপ্রেত।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জাতীয় দিবস পালনে অবহেলা এবং সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা নিন্দনীয়। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।