কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা শিথিল করে ব্যবহারিক ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রদান এবং অবহেলিত অনগ্রসর হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ পদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার, সাধারণ সম্পাদক জয় কুমার, হরিজন মানবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে বাবু বাশফোর, উত্তম কুমারসহ হরিজন সম্প্রদায়ের নেতারা। কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মী পদটি মূলত শারীরিক সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। এ পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণ অনেক সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। ফলে দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন।
তারা আরও বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পরিচ্ছন্নতা পেশার সঙ্গে যুক্ত অবহেলিত, পিছিয়ে পড়া ও অস্পৃশ্যতার শিকার হরিজন জনগোষ্ঠী এখনো সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের ভার বহন করে চলেছে। তাদের জন্য পরিচ্ছন্নতাকর্মী পদ কেবল একটি চাকরি নয়, বরং বেঁচে থাকার অধিকার ও মর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন।
মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা শিথিল করে ব্যবহারিক পরীক্ষা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি বংশানুক্রমে পরিচ্ছন্নতা পেশার সঙ্গে যুক্ত হরিজন জনগোষ্ঠীর জন্য ন্যূনতম ৮০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, মানবিকতা ও সামাজিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য; আগামী ২৮ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নয়টি পরিচ্ছন্নতাকর্মী পদসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে তাদের অগ্রাধিকার নিশ্চিত করতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হরিজন সম্প্রদায়।