ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় যুবকসহ ১ বাংলাদেশী যুবককে মাদকসহ পুলিশ গ্রেফতার করেছে। ৭ ঘন্টা পরে ওই ভারতীয় যুবকদ্বয়কে বিজিবির মাধ্যমে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। অপরদিকে বাংলাদেশী যুবককে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার শেষ বিকালে উপজেলার পূর্ব ফুলমতি বালারহাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবক ও এক বাংলাদেশি যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের প্রত্যেকের শরীর তল্লাশি করে পুলিশ বাংলাদেশি যুবককের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে আটকদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার সন্ধ্যায় ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।
আটক দুই ভারতীয় নাগরিক হলেন আখিরুল খন্দকার (২২)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে, একই জেলার ফারুক মিয়া (২২)। তিনি সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে। অপর বাংলাদেশি যুবক আয়নাল হক (২৬) এর বাড়ী উপজেলার সীমান্তঘেষা খলিশাকোঠাল এলাকার মনসের আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, আটক দুই ভারতীয় যুবককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। অপরদিকে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
সীমান্তের একাধীক সুত্র থেকে জানা গেছে, আটক দুই ভারতীয় যুবককে শুক্রবার রাতে বিজিবি বিএসএফের নিকট হস্তান্তর করে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটক দুই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে।