উলিপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত

2026-03-01 20:58:34

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

'পরিবেশ ও বাস্তুসংস্থান রক্ষা করুন, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করুন' এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস'র আয়োজনে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ বালু উত্তোলন অবিলম্বে বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এই পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

শহিদ মিনার চত্বর থেকে পরিবেশ পদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমবেত হয়ে সেখানে মানববন্ধন করেন।

আবু রায়হান জাকারিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে শাহরিয়ার আসাদ, আবু সোহাগ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদ-নদীর নাব্যতা ও তলদেশের স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। তারা অবিলম্বে

অবৈধ বালু উত্তোলন অবিলম্বে বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরো বলেন, স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বালু উত্তোলন অব্যাহত থাকায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পায়। তাই প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও সচেতন মহলের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। নদী রক্ষায় স্থায়ী সমাধান নিশ্চিত করতে নদী রক্ষায় নিয়মিত মনিটরিং টিম গঠনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

মানববন্ধন শেষে ইউএনও বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, 'অবৈধ বালু উত্তোলন ও অনুমতি ছাড়া ফসলি জমির  মাটি কাটায় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মহলের সহযোগীতায় প্রশাসনের পক্ষথেকে আরো বেশি আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হবে।