সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাংকসহ চারটি দোকান পুড়ে ছাই,ক্ষতি কয়েক কোটি

2026-03-02 22:23:47

নীলফামারী জেলা প্রতিনিধিঃ 

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা ব্যাংকসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা. জিকরুল হক সড়কে আগুনের এ ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে সৈয়দপুর, পার্বতীপুর ও সৈয়দপুর সেনানিবাসের দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি তুলা দোকানের গোডাউন থেকে সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। তুলা গোডাউনের পাশে থাকা ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখায় আগুনে পুড়ে যায়। এতে ব্যাংকের ভোল্ট, কম্পিউটার সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান নথিপত্র পুড়ে গেছে বলে ব্যাংকের একটি সূত্র জানায়।

সৈয়দপুর দমকল বাহিনীর দেয়া তথ্য মতে, আগুন নিয়ন্ত্রণে আনতে ও জানমাল রক্ষা করতে সৈয়দপুর ইউনিটের সহায়তায় এগিয়ে আসে পার্বতীপুর ও সৈয়দপুর সেনানিবাস ইউনিটও। এ সময় ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর প্রাথমিক তথ্যে জানান, তাদের ৩/৪টি দোকান ও গোডাউনসহ সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হতে পারে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হাসেম জানান, তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়া মাত্র দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ফায়ার ফাইটাররা জীবনবাজি রেখে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সম্পদ ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষয়তির পরিমাণ তদন্তের পর জানা যাবে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে ৷