গঙ্গাচড়ায় জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

2026-03-10 02:32:25

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়কে জেডসি বান্ধব গ্রীন স্কুলে রূপান্তরের লক্ষ্যে প্রধান শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ ) বেলা ১১টায় গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মোছা. জেসমিন আক্তার বলেন, একটি সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের শুধু বিশুদ্ধ অক্সিজেনই দেয় না, বরং তাদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল বাগানের মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিবাগান, বৃক্ষরোপণ ও জীবনমুখী শিক্ষা লাভ করতে পারবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদের সভাপতিত্বে সভায় জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম। উপস্থাপনায় তিনি জানান, শিক্ষার্থীদের হাতে-কলমে বাগান করার প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি ও প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সংযোগ স্থাপনের লক্ষ্যে জেডসি বান্ধব বিদ্যালয় সবুজায়ন ও স্কুল বাগান কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন স্কুল বাগানের মডেল ও প্রস্তুত প্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রোগ্রাম অফিসার খ্রীস্টিনার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের টেকনিক্যাল স্পেশালিস্ট (লাইভলিহুডস) সৈয়দ ইশতিয়াক আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাশ, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয় সবুজায়ন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসম্মত স্কুল স্যানিটেশন, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং এ বিষয়ে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন।