বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত বড়বিল ইউনিয়ন গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক সমাবেশ

2026-03-12 00:57:07

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

বড়বিল ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শামসুল হুদা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলার সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন। এছাড়াও বক্তব্য রাখেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, মাওলানা মোঃ নুরুল ইসলাম জিহাদী, হাফেজ মোঃ মফিজুর রহমান, পুরোহিত কৃষ্ণ চন্দ্র, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর বাদশাহ, প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও ও মনিকা রায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া একটি শিশুর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। কোথাও বাল্যবিবাহ বা শিশুশ্রমের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে ৩৩৩ অথবা ৯৯৯ নম্বরে জানাতে হবে।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শামসুল হুদা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অঙ্কুরেই নষ্ট করে দেয় এবং শিশুশ্রম একটি শিশুর ভবিষ্যৎ কেড়ে নেয়। অন্যদিকে মাদক সমাজ ও তারুণ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি, শিশুশ্রমের আইনি শাস্তি এবং মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সমাবেশে উপস্থিত সকলেই বড়বিল ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।