নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাকুড়িয়া দরবার শরিফ এর গদ্দিনীশিন পীর সাহেব রুহুল মাহমুদ (ওজায়ের) পীর সাহেব, রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক লক্ষীটারী ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ এবং গঙ্গাচড়া প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, আত্মসংযম ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন। তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষ ও সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকার লক্ষ্যেই এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। স্থানীয়রা এ আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।