নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং ভবিষ্যতে তাদের জীবনমান উন্নয়নে আরও বৃহৎ ও কার্যকর কর্মসূচি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান এবং তাদের মেধাবী সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
সাংবাদিক বান্ধব সরকারের পদক্ষেপ
বাছির জামাল তার বক্তব্যে বর্তমান সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে বলেন, "এই সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সুরক্ষায় বদ্ধপরিকর। শুধু বর্তমান সরকারই নয়, এর পূর্বসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারও সাংবাদিকদের কল্যাণে যুগান্তকারী কাজ করেছেন।"
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের জন্য ঢাকা শহরে প্রথম বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। জাতীয় প্রেসক্লাবের বর্তমান সুরম্য ভবনটি তাঁর হাত ধরেই উদ্বোধন হয়েছিল।
বেগম খালেদা জিয়ার শাসনামলে প্রেসক্লাবের জায়গার একটি অংশ সাফ কবলা করে দেওয়া হয় এবং সাংবাদিকদের জন্য নতুন আবাসন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়, যার নির্মাণ কাজ বর্তমানে চলমান।
প্রবীণ সাংবাদিকদের সহায়তায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, "যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন, তাদের জন্য পেনশন ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে। এছাড়া বর্তমানে যে আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এর পরিমাণ ও সংখ্যা আরও বাড়ানো হবে। যারা এবার পাননি, তাদের আশাহত হওয়ার কারণ নেই; পর্যায়ক্রমে সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে।"
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবিএম রফিকুল ইসলাম (উপপরিচালক, অর্থ ও প্রশাসন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট) সালেকুজ্জামান সালেক (সভাপতি, আরপিইউজে) রমিজ আলম (প্রশাসক, রংপুর প্রেসক্লাব) মাহফিজুল ইসলাম রিপন (সাধারণ সম্পাদক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। সভায় রংপুর বিভাগের ৫টি জেলার ২৩ জন সাংবাদিককে আর্থিক অনুদান এবং ৪টি জেলার ৯৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় সার্কিট হাউজ মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে বাছির জামালের।