হিলি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে একদল তরুণ। প্রতীকী মুল্য মাত্র ৫ টাকায় ইফতার বিক্রি করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে উদ্দীপ্ত তরুণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে কম মুল্যে ইফতার কিনতে পেরে দারুন খুশি এসব মানুষজন তেমনি অনেকে তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
হিলির সিপি মোড়ে দেখা যায়, মানবতার সেবায় এগিয়ে এসেছে তরুণরা। পবিত্র রমজান মাসে গরিব অসহায় দুস্থ্য মানুষের জন্য দিনাজপুরের হিলিতে প্রতীকী মুল্য মাত্র ৫ টাকায় ইফতার বিক্রি কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। ২০শে রমজান থেকে শুরু করে হিলির চেকপোস্ট সড়কে অস্থায়ী দোকান বসিয়ে প্রতিদিন বিকেলে ইফতার বিক্রি করছেন সংগঠনের সদস্যরা। মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, বিরিয়ানি, আপেল, পেঁয়ারা, বড়ই, তরমুজসহ বিভিন্ন ধরনের ফল মিলিয়ে ১১ প্রকার ইফতার সামগ্রী রয়েছে যার মধ্যে থেকে ৫ টাকায় পছন্দমত ৬ প্রকার ইফতার আইটেম নিতে পারবেন।
সপ্তাহব্যাপী তাদের এই ৫ টাকায় ইফতার বিক্রি কার্যক্রম চলবে। দেশের বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনের সদস্যরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে সংগঠনের ফান্ড গঠন করেন। সেই অর্থ দিয়েই পরিচালিত হচ্ছে এই ব্যতিক্রমধর্মী ইফতার কার্যক্রম। প্রতিদিন ইফতারের আগে এখানে ভিড় করছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কম মূল্যে ইফতার পেয়ে দারুন খুশি তারা। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজনও।
হিলির উদ্দীপ্ত তরুন সংগঠনের সভাপতি নাঈম হোসেন বরেন, আমরা চাই গরিব ও অসহায় মানুষ যেন সম্মানের সাথে ইফতার নিতে পারেন। অনেকেই বিনামূল্যে নিতে সংকোচবোধ করেন, তাই প্রতীকী ৫ টাকার বিনিময়ে ইফতার দিচ্ছি।