ট্রাকের বেপরোয়া ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, এমপিসহ আহত ৩

2026-03-17 19:51:44

কুড়িগ্রাম প্রতিনিধি:

ট্রাকের বেপরোয়া ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বহনকারী গাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে সাংসদ আতিক মোজাহিদের আঘাত গুরুত্বর নয়। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাসায় অবস্থান করছেন। ড্রাইভার আবুল কালাম আজাদ (৪০) ও সহযাত্রী ইকরাম হোসেন (২৫) কে আহত অবস্হায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ড. আতিক মোজাহিদ নিজে ভালো আছেন দাবি করে সকলের কাছে দোয়া চেয়েছেন। রোজা আছেন। ইফতারের পর তিনি হাসপাতালে চিকিৎসা নিবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইন অমান্য করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি এমপির গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় সংসদ সদস্য সামান্য আহত হলেও তার গাড়ির চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলার অভাব ও বেপরোয়া যান চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুইজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, অনিরাপদ সড়ক ও বেপরোয়া যান চলাচলের ফলে এমনটা হয়েছে। তিনি গুজব না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ জানান এবং এমপির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর এমপি মহোদয় টগরাইহাটস্হ নিজ বাড়িতে সুস্থ আছেন।