সম্প্রীতির বার্তা দিলেন মোঃ রায়হান সিরাজী, শ্মশানের উন্নয়নে আশ্বাস

2026-03-17 20:36:18

নিজস্ব প্রতিবেদক:

মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুণী ও কালী পূজা উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশান ও কালীমন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় ২নং গ্রোয়িং বাঁধ সংলগ্ন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধা জাগ্রত করে, যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, কারো বাড়িতে যদি আগুন লাগে, তখন কেউ ধর্মের ভিত্তিতে আগুন নেভাতে যায় না—মানুষ হিসেবেই এগিয়ে যায়। আমরাও সব ধর্মের মানুষকে সেভাবেই দেখি।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, তিনি সবসময় তাদের পাশে থাকবেন এবং কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশানের উন্নয়নকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, নায়েবে আমির মোঃ তাজ উদ্দিন এবং গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কান্ত রায়।

অনুষ্ঠানের শুরুতে কোলকোন্দ শিঙ্গীমারী শ্মশান ও কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুধীর বর্মন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্মশান কমিটির সদস্য সাংবাদিক নির্মল রায়।

এসময় শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় উৎসবটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

এর আগে বারুণী ও কালী পূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।