গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

2026-03-26 16:56:54

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, কাবদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম ও গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।