বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিলা-ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘর মেরামতের জন্য সরকারি টিন পাওয়ার আশায় প্রায় ৭শ’ পরিবার আবেদন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৬ মার্চ রাতে বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টি ও সামান্য ঝড় হয়েছে। ওই শিলার আঘাতে কিছু লোকের বাড়ির টিনের চালা ছিদ্র হয়ে গেছে। কিন্তু অনেক আবেদনকারী নিজের ক্ষতিগ্রস্থ বাড়ি ঘরের ছবি না দিয়ে কম্পিউটারের দোকান থেকে প্রায় একই ছবি বহুজন প্রিন্ট করে নিয়ে আবেদনের সাথে যুক্ত করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি নির্ণয় করা জটিল হয়ে পড়েছে। আগে কখনও এতো সংখ্যক আবেদন না পড়লেও এবার একরকম হুজুগে পড়ে সরকারি টিনের আশায় ঈদের পর তিন কার্যদিবসে আবেদন করেছেন প্রায় ৭শ’ ব্যক্তি।
বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিপুল সংখ্যক আবেদন নিয়ে আমরা বিপাকে পড়েছি। উপজেলা জুড়ে আবেদনকারীদের বাড়ি বাড়ি ঘুরে সত্যতা নিরূপনের কাজও অনেক সময় সাপেক্ষ। তবে প্রকৃত ক্ষতিগ্রস্থ ছাড়া কেউ সহায়তা পাবেনা বলে তিনি নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা সুলতানা নীলা বলেন, প্রায় একই রকম ছবি দিয়ে অনেকে আবেদন করেছেন। তবে সরজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নির্ণয় করা হবে।