নিরাপদ পানি নিশ্চিতকরণে গঙ্গাচড়ায় টিউবওয়েলের গোড়া পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

2026-03-31 22:55:19

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলে কিসামত গ্রামে মঙ্গলবার সকালে  জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ পানির উৎসকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে এলাকার বিভিন্ন টিউবওয়েলের গোড়া পাকাকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ।

প্রধান অতিথি জানজাবিল বিনতে আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ পানি সুস্থ জীবনের পূর্বশর্ত। টিউবওয়েলের গোড়া পাকা করার ফলে স্থানীয় বাসিন্দারা এখন থেকে আরও স্বাস্থ্যসম্মত পরিবেশে পানি সংগ্রহ করতে পারবেন। আমরা পর্যায়ক্রমে এলাকার সকল কাঁচা টিউবওয়েল সংস্কারের পরিকল্পনা করছি।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গঙ্গাচড়া  কার্যালয়ের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম জানান, পানিদূষণ রোধ, পরিবেশ পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শতভাগ স্বাস্থ্যকর   পরিবেশ নিশ্চিত  করা হলো এ কার্যক্রমের মূল লক্ষ্য।

দীর্ঘদিন ধরে এলাকার বেশ কিছু টিউবওয়েলের চারপাশ কাঁচা থাকায় রান্নার কাজে ব্যবহৃত পানি ও বৃষ্টির কাদা পুনরায় মাটির নিচে চুইয়ে পানির স্তরে মিশে যাচ্ছিল। এতে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছিল। জনস্বাস্থ্যের এই ঝুঁকি বিবেচনায় নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে’র ওয়াশ প্রকল্পের এর আওতায় টিউবওয়েলগুলোর চারপাশে সিমেন্ট ও ইটের পাকা প্ল্যাটফর্ম তৈরি করার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য যে, এই সংস্কার কাজের ফলে এলাকার প্রায় ৮০টি পরিবার সরাসরি উপকৃত হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং যথাযথ রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন, প্রোগ্রাম খ্রীস্টিনা ক্রশ, ইউপি মেম্বার হুমায়ূন আহমেদ লাল, মনোরঞ্জন এবং ভিডিএস মেম্বার খালেদা বেগম প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।