বেরোবিতে রিসার্চ, পাবলিকেশন ও কোলাবোরেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

2026-04-07 23:33:50

বেরোবি প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ রিসার্চ, পাবলিকেশন এন্ড কোলাবোরেশন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)|

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মান নির্ধারণে গবেষণা, মানসম্মত প্রকাশনা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণামুখী কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার হার বাড়াতে উদ্যোগ নিতে হবে| এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র‌্যাংকিং ও সুনাম বৃদ্ধি পাবে|

কর্মশালায় সভাপতিত্ব করেন বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম| কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির রিসার্চ সেন্টার ফর ন্যানো মেটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলজি (আরসিএনএমইটি) এবং গবেষক এবং বিভাগীয় প্রধান প্রফেসর সাইদুর রহমান| কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন| এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন