গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোমরপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দে বাড়ীঘর ও ঘরের আসবাব পত্র সহ ট্রাক ভাঙচুর এবং স্বর্ণালংকার নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কোমরপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙচুরের পর থেকে এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে বাড়ীর মালিক আশরাফুল ইসলাম ১২ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৩ এপ্রিল কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে রনি ও নিশান নামের প্রতিবেশী দুই খেলোয়ারের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে গত ৬ এপ্রিল দরবস্ত নয়াপাড়া গ্রামের মজনু মিয়ার পুত্র রানা (৩০), মজুনু সাইদার রহমানের পুত্র মেহেদুল (৩৩), মোজাচ্ছেরের আলীর পুত্র মাসুদ (২৬) ও বাবু মিয়া (৩০) সহ ১০/১২ জনের একটি দল লাঠিশোঠ সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে আশরাফুল ও তার অপর তিন ভােইয়ে বাড়ীতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ঘরের আসবাবপত্র তছনছ, নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা আশরাফুলের মালিকানার একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো- ন -২৩-০৩৩৯) ভাঙ্চুর করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে জানান এজাহার পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।