বেরোবি প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আধুনিক মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে| আজ বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ক্যাম্পাসের গ্যারেজ রোডে নবনির্মিত একতলা ভবনে স্থাপিত এই ল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন|
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আধুনিক ল্যাবরেটরি অপরিহার্য| এই নতুন ল্যাব এবং ভবনটি ইইই বিভাগের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেবে|তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা কার্যক্রম জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে|
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আহসান হাবীবসহ ইইই বিভাগের শিক্ষক এবং প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন|