রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন

2026-04-15 03:00:46

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপিত হয়েছে। ১লা বৈশাখ (১৪ই এপ্রিল) সকাল ৮ টায় রংপুর জিলা স্কুলের বটতলায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান গাওয়ার মাধ্যমে বরণ করা হয় বাংলা নববর্ষকে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে টাউনহল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকাল ১১ টায় রংপুরের বিভাগীয় কমিশনার নববর্ষ উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং জেলাপ্রশাসনের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্‌বোধন করেন।