নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগর এর সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রূপকথা কনভেনশন সেন্টারে কিশোরকন্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগর শাখার উদ্যোগে উক্ত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে ট্যালেন্টফুলে ৭৪ জন, সাধারণ গ্রেডে ১৯৭ জনসহ মোট ২৭১ জনের মাঝে বৃত্তি প্রদান করা হয় ও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে মহানগর সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ছাত্রশিবির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক ও ক্যারিয়ার কনসালটেন্ট আহসান হাবীব ইমরোজ, কিশোরকন্ঠ পাঠক ফোরামের সাবেক পরিচালক আলামিন হাসান, কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল হুদা।
প্রধান অতিথি বক্তব্যে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, সু-নাগরিক হিসেবে সন্তানদের গড়ে তুলতে মায়েদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। ইদানিং মোবাইল ডিভাইস শিশুদের মেধা ধ্বংশ করে দিচ্ছে। এখান থেকে জাতিকে উদ্ধার করতে শিশুদের সু-সন্তান হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে। সন্তানকে পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিকমানের বিভিন্ন শিক্ষার বই পড়ার অভ্যাস করতে হবে। আপনার সন্তানকে দেশ গঠনের উপযোগী সেরা নাগরিক হিসেবে গড়ে তুলুন। নতুবা প্রতিটি পরিবার নরকে পরিণত হবে।
অনুষ্ঠানে কিশোরকন্ঠ পাঠক ফোরামের নেতৃবৃন্দসহ ২৭১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।