‎সৈয়দপুরে জামাইয়ের মারধরে শ্বশুর শ্বাশুরীসহ আহত-১০

2026-10-21 19:34:42
news-picture

‎সৈয়দপুর প্রতিনিধি: 

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম ইউনিয়নের পূর্ববেলপুকুর ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় মেয়ের বিয়ে নিয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

‎এ ঘটনায়  রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নার্গিস বেগম বাদী হয়ে  তার স্বামীসহ ৮ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

‎স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, একই এলাকার মোঃ গবিরের মেয়ে নার্গিস বেগমের সঙ্গে আবেদ আলীর ছেলে ওবায়দুলের বিয়ে হয় ২০০৮ সালে। তাদের দাম্পত্য জীবনে চার কন্যা সন্তানের জন্ম হয়।

‎সম্প্রতি তাদের দ্বিতীয় মেয়ে মোছাঃ রাদিয়া পাড়ার এক যুবককে ভালোবেসে বিয়ে করলে বিষয়টি মেনে নিতে পারেননি তার বাবা ওবায়দুল। এ নিয়ে তিনি ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়ির লোকজন—বিশেষ করে মেয়ের নানা-নানীর ওপর দোষারোপ করে।

‎অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই তাদের গালাগাল করতেন এবং দা নিয়ে তাড়া করতেন।

‎পরিস্থিতি অবনতির আশঙ্কায় নার্গিস বেগম তার তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেয়।

‎অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওবায়দুল নানার বাড়ির পাশে তার বড় মেয়ে রিমুকে পেয়ে মারধর করে। এ সময় নানার বাড়ির লোকজন প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষিপ্ত হয়ে ওবায়দুল তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রসহ শ্বশুরবাড়িতে হামলা চালায়। এতে  এলোপাতাড়ি মারধরে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত চারজনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎এ ঘটনায় নার্গিস বেগম বাদী হয়ে তার স্বামী ওবায়দুল (৩৫), নাঈম (২৫), হৃদয় (২০), জামিল (৩০), আবেদ আলী (৬৫), আলম (৪০) ও সমবারুসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে  দায়ের করেন।

‎ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।