নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

2026-04-21 03:11:17

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলার তিন এজাহারভুত্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা সবাই সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, নিহত শিমু আক্তার (৩১) এর সঙ্গে রায়হান রিতুর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে যৌতুক দিতে অপারগতা জানালে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।

গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। অভিযোগ রয়েছে, পরে ঘটনাটি আড়াল করতে তাকে জোরকরে বিষপান করানো হয়। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১৩ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলিয়ে যাওয়া তিন আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র‌্যাব সর্বদা তৎপর। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।