নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত,  স্কুল শিক্ষক সহ ৬ জন আহত

2026-04-21 02:48:58

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালক  বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ভ্যানে থাকা আখতারুজ্জামান নামের এক প্রাথমিক স্কুল শিক্ষক। এছাড়া কিশোরগঞ্জ উপজেলায় একই সময়ে পৃথক স্থানে ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টার সময়  উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আক্তারুজ্জামানকে (৩৮)  অটো ভ্যানে করে স্কুলে নেয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় ভ্যানচালক লাবলু।

এসময় শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান পাশ পুড়ে গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে কিশোরগঞ্জ উপজেলায় একই সময়ে পৃথক স্থানে ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জলঢাকা থানার (ওসি)  নাজমুল আলম জনান,  নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।