রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহামেদ, আরএমও ফিরোজ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারীসহ বিভিন্ন ইউনিটের চিকিৎসকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, অপুষ্টিমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিকল্প নেই। জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে জনসাধারণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।