খবর বিজ্ঞপ্তির:
কৃষিকাজে আধুনিকতা ও গতিশীলতা আনতে মেটাল ফার্মাটেক লিমিটেড বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক ৫৫১ মডেলের আইশা ট্রাক্টর। এই ট্রাক্টরটি কৃষকদের জন্য দ্বিমুখী সুবিধা প্রদান করবে। এটি একইসাথে জমি চাষ এবং মালামাল পরিবহনে সক্ষম। কোম্পানির দাবি, সঠিক রক্ষণাবেক্ষণ করলে আগামী ৫ থেকে ৮ বছরের মধ্যে এই ট্রাক্টরের ইঞ্জিনে কোনো ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দেবে না।
গত বৃহস্পতিবার রংপুর নগরীর ঘাঘট প্রয়াস পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন মডেলের উদ্বোধন করা হয়। রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ট্রাক্টর চালক ও সহযোগীদের নিয়ে দিনব্যাপী এই ‘বৈশাখী ও আইশা ট্রাক্টর মিলন মেলা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির স্পেয়ার পার্টস এভিপি অলোক কুমার বলেন, আমরা সবসময় কৃষকদের প্রয়োজনের কথা মাথায় রেখে সেরা প্রযুক্তি নিয়ে আসি। ৫৫১ মডেলের এই আইশা ট্রাক্টরটি কৃষকদের জ্বালানি সাশ্রয় করবে এবং দীর্ঘস্থায়ী সেবার নিশ্চয়তা দেবে। ৫ থেকে ৮ বছরের ইঞ্জিনের নিশ্চয়তা আমাদের পণ্যের গুণগত মানেরই প্রতিফলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমটিএল কান্ট্রি ম্যানেজার পার্থ ব্যানার্জি, সুমিত বর্মণ, কোম্পানির হেড অফ অপারেশন মোঃ মাহবুবুর রহমান, পার্টস হেড নাজমুল হক, সার্ভিস হেড আল আজহার এবং রিজিওনাল ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। উক্ত মিলন মেলায় কোম্পানির ইনচার্জসহ সকল প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন মডেলটি উত্তরাঞ্চলের কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।