অপরাধমুক্ত জেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চান, রংপুরে নবাগত পুলিশ সুপার

2026-04-28 21:14:19

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলাকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত করে একটি নিরাপদ ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১:৩০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার করেন।

সভায় নবাগত পুলিশ সুপার বলেন, “পুলিশের কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং সত্যিকারের জনবান্ধব করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজ উন্নয়ন এবং অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” তিনি আরও জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং জেলার অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সাংবাদিকরা জেলা পুলিশের পক্ষ থেকে দ্রুত এবং সঠিক তথ্য সরবরাহের দাবি জানান, যাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহজ হয়। তৃণমূল পর্যায়ে মাদক সিন্ডিকেট এবং জুয়ার আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে পুলিশের কঠোর নজরদারির আহ্বান জানানো হয়।

রংপুর শহরের যানজট নিরসন এবং কিশোর গ্যাং কালচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান গণমাধ্যমকর্মীরা। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা ও হয়রানি বন্ধের বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পুলিশ সুপার সাংবাদিকদের সকল পরামর্শ অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি রংপুরকে একটি শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়।

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রংপুরে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।