হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল মতিন (৪৬) আর নেই। তিনি অসুস্থতাজনিত কারণে গত মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল মতিন সুন্দরগঞ্জের মৌমিতা কম্পিউটার একাডেমির পরিচালক এবং সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের প্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বাদ আসর সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। পরে পৌরসভার কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।