হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পাথর, কয়লা ও ছাই নিজস্ব ইয়ার্ডে খালাসের বিষয়ে বন্দরের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের আয়োজনে বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন্দরের আমদানি রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কতৃপক্ষ অংশ নেয়। সভায় বন্দর দিয়ে আমদানিকৃত পাথর, কয়লা, ছাই এবং চায়না ক্লে পোর্টের বাইরে নিজস্ব ইয়ার্ডে আনলোড বা খালাস করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে কোথায় এসব মালামাল খালাস করা হবে সে সংক্রান্ত জায়গা নির্ধারন করা হয়।
হিলি কাস্টমস কতৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডকে সেই তথ্য উপস্থাপন করবেন। এর মধ্য দিয়ে বন্দর দিয়ে এসব আমদানি ও খালাসের জটিলতা নিরসন যেমন হবে তেমনি আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলেও মনে করেন ব্যবসায়ীরা।
এসময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার সন্তোষ সরেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, এনএসআই এর হিলি স্থলবন্দর অফিসের সহকারী পরিচালক তজিমুল হক মানিক, হিলি সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।