পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জমি জমা বিরোধে দ্বিতীয় স্ত্রীর ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নিহত হয়েছে। এ মর্নান্তিক ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পার্বতীপুরের সীমানা ঘেষে মোল্লাপাড়া গ্রামে আজ মঙ্গলবার (১২মে) সকালে।
নিহতরা হলেন দুলু ইসলাম (৬৮) ও তাঁর ছেলে কাবিল (২৭)। স্থানীয়রা জানান, দুলু ইসলামের দুই সংসার । প্রথম স্ত্রীর সন্তান হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর সন্তান সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। পারিবারিকভাবে পাওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। দুলুর বাবা প্রথম পক্ষের দুই নাতি হাবিল ও কাবিলের নামে কিছু জমি লিখে দেন। দ্বিতীয় পক্ষের সন্তানেরা ঐ জমিতে তাদের অংশ দাবি করলে বিরোধ বাধে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, মঙ্গলবার সকালে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম রাস্তায় দুলু ইসলামকে মারধর করতে থাকে। এ সময় কাবিল বাধা দিতে গেলে দুই ভাই ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই পিতা দুলু ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছেলে কাবিলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম পলাতক রয়েছে।