গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনের পার্কিং এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ

2026-05-13 19:55:23
news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান-পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদকৃত দোকানের মালিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে,আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে রেলওয়ের সরকারী জায়গায় নির্ধারিত পার্কিং এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে উচ্ছেদ করা দোকান মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় সেখানে উপস্থিত ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে বদিউজ্জামান দাবি করেন, লাইসেন্স করার মাধ্যমে কমপক্ষে ৮/১০ বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে তিনি তার দোকানের ব্যবসা করে আসছেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো আগাম নোটিশ ছাড়াই তার দোকানটি ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে রেলওয়ের লালমনিরহাট জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর হোসেন বলেন, এ যাবৎ রেলওয়ের পার্কিং এলাকার সরকারী জায়গায় অবৈধভাবে তারা দোকান-পাট বসিয়ে ব্যবসা করে আসছিলেন।  রেল স্টেশনের পার্কিং এলাকার সৌন্দর্য রক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গায় কোনো ধরণের অবৈধ দখলদার রাখা হবে না বলেও তিনি জানান।