নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে দরিদ্র ও প্রান্তিক নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আলমবিদিতর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পরিচালিত “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইইউ (পিপিইপিপি-ইইউ)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ২৫ জন নারীকে সেলাই কাজে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে পারেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার ও আলমবিদিতর ইউনিয়ন প্রশাসক আবতাবুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সজিবুল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী তৃপ্তি রানী, সদফা ও আদরী তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে সেলাই কাজের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করেছে। তারা স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান, ইউপি সদস্য মো. আব্দুর রশিদ এবং প্রশাসনিক কর্মকর্তা তানভীন সাদিয়া ইসলাম মীম। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক বিমল চন্দ্র ও শ্রীমতি মুক্তা রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম বিকাশ কেন্দ্রের কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) মো. জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকায়নের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে। তিনি উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে গ্রাম বিকাশ কেন্দ্রের আগ্রহী সদস্যদের সম্পৃক্ত করার আশ্বাস প্রদান করেন।