দীর্ঘদিন পর আদালতের রায়ে পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন রংপুরের সৌরভ

2026-05-21 03:11:02
news-picture

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৪ বছর ধরে চলমান মামলায় আদালতের রায় পাওয়ার পর গত ১০মে/২০২৬ নিজ নামীয় জমি বুঝে নিয়ে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেখানে নির্মাণকাজ করছেন রংপুরের যুবক সৌরভ ঘোস। নানা জটিলতা ও বাধা পেরিয়ে ২০ মে নিজ জমিতে সীমানা প্রাচীর ও টিন শেড ঘর নির্মাণের কাজ শেষ করেন এবং চারদিকে সি সি কেমেরা স্থাপন করেন।

এর আগে গত ১০ মে ২০২৬ ইং তারিখে আদালতের আদেশক্রমে জিলা জর্জ কোর্টের নায়েবে নাজির জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও নেসকো কর্তৃপক্ষের উপস্থিতিতে আদালতের নির্দেশে সৌরভকে জমি বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, রংপুর মহানগর রাজস্ব সার্কেলের অন্তর্ভুক্ত নীলকণ্ঠ মৌজার জে এল নং-৬২, সিএস খতিয়ান নং-১৩২, এসএ খতিয়ান নং-১৪৩, আরএস খতিয়ান নং-১১৭, নামজারি নং-১৯৭০ এবং দাগ নং-৪২৮ এর অন্তর্ভুক্ত ৩১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগী সৌরভ ঘোস জানান, প্রায় ১৪ বছর আগে তার বাবার কেনা সম্পত্তি থেকে তাকে ও তার পরিবারকে বেদখল করা হয়। সে সময় তিনি অপ্রাপ্তবয়স্ক থাকায় তার পক্ষে চাচা আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের পক্ষে রায় দেন। পরে বিষয়টি জেলা জজ আদালত পর্যন্ত গড়ালেও সর্বশেষ আদালতের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে জমি বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জমি বুঝে পাওয়ার পরও বিবাদীপক্ষ বিভিন্নভাবে জটিলতা সৃষ্টি করার চেষ্টা করে। পরে কাজ শুরু করতে গেলে বাধার মুখে পড়লে রংপুর মেট্রোপলিটনের পরশুরাম থানায় অভিযোগ করা হয়। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহযোগিতা করেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে সৌরভ ঘোস বলেন, “দীর্ঘ ১৪ বছর পর ন্যায়বিচার পেয়েছি”।