খানসামায় জলাবদ্ধতায় নাকাল ৩০ পরিবার, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তা-উঠান

2026-05-21 21:39:41
news-picture

মোঃ বুলবুল ইসলাম, খানসামা (দিনাজপুর):

"দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ৭ নং ওয়ার্ডের মাহাদই পাড়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০টি পরিবার। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ির উঠান পানিতে তলিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ চললেও এখনো মেলেনি স্থায়ী সমাধান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাড়ার অধিকাংশ বাড়ির উঠানে হাঁটুসমান পানি জমে রয়েছে। বাড়ির চারপাশ জলাবদ্ধ হয়ে পড়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজকর্মেও নেমে এসেছে স্থবিরতা।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় ধরে জলাবদ্ধতা স্থায়ী হয়। এতে এলাকাটি ধীরে ধীরে অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাইজার রহমান বলেন, “একটু বৃষ্টি হলেই পুরো পাড়া পানিতে তলিয়ে যায়। রাস্তাঘাট ও বাড়ির উঠানে পানি জমে থাকায় চলাচল করতে খুব কষ্ট হয়। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছি। দ্রুত স্থায়ী ব্যবস্থা নিলে আমরা স্বস্তি পেতাম।

আরেক বাসিন্দা হামিদুল ইসলাম বলেন, “বর্ষা মৌসুম এলেই আতঙ্ক শুরু হয়। সামান্য বৃষ্টিতেই উঠানে পানি উঠে যায়, চলাচল বন্ধ হয়ে পড়ে। শিশু ও বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে থাকতে হয়। দীর্ঘদিনেও কোনো স্থায়ী সমাধান হয়নি।”

স্থানীয় বাসিন্দা রাশেদুল ও ফরহাদ বলেন, “মাত্র ৬০ থেকে ৭০ মিটার ড্রেনেজ বা পাইপের ব্যবস্থা করা গেলেই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। কিন্তু বছরের পর বছর ধরে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”

গৃহবধূ নার্গিস, মঞ্জু আরা ও খতেজা বেগম বলেন, “উঠানে পানি জমে থাকায় রান্নাবান্না করতেও সমস্যা হচ্ছে। জ্বালানি ভিজে গেছে, গরু-ছাগল রাখারও জায়গা নেই। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি উঠে যায়। বর্ষা এলেই আতঙ্কে থাকতে হয়।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা তাদের। এলাকাবাসীর দাবি, অবিলম্বে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিন বলেন, “এর আগেও এলাকাবাসী বিষয়টি জানিয়েছেন। আমি পরিষদে আলোচনা করেছি। আবারও ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, “ছাতিয়ানগড় এলাকার জলাবদ্ধতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয়দের দুর্ভোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। খুব দ্রুত সেখানে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।”