কুড়িগ্রামে এনসিপির নবগঠিত কমিটি থেকে নেতার পদত্যাগ

2026-05-24 18:42:22
news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাগেশ্বরী উপজেলার নবগঠিত  আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন উপজেলা  আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন। 

ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল শনিবার (২৩ মে) তিনি নিজ হাতে একটি লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠান। এর আগে ঐদিন সকালে ৫৩ সদস্য বিশিষ্ট নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা কমিটি। কমিটি অনুমোদন দেয়ার ২৪ ঘন্টা না পার হতেই এই ঘটনা ঘটে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি দলের দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। আলোচনা সৃষ্টি হয়েছে। তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে আলমগীর হোসেনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে জানান,'আমি একটু ব্যস্ত আছি,পরে কথা বলবো' বলেই ফোনটি কেটে দেন। এনসিপি'র কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মুকুল মিয়া বলেন,' নিজেদের মধ্যে ভুল- বোঝাবুঝি হওয়ার কারনে এমনট হয়েছে। তিনি পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিয়েছেন। '