কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৪০) নামে অটোর এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। ছিনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম অভিমুখে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী আইয়ুব আলীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে আইয়ুব আলী। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী।
এ ঘটনায় আরো দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর ঘাতক বালু ভর্তি ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।