রংপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

2026-06-10 00:39:22
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ই জুন) সকালে গংগাচড়া উপজেলার নবনীদাস গ্রামে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিচালক বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে বন্ধপরিকর। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ও খাল খননসহ সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কৃষক কার্ডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই কার্ড শুধু আর্থিক প্রণোদনা প্রদানের একটি মাধ্যম নয়; এর মাধ্যমে কৃষকেরা সার, উন্নতমানের বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সহজে এবং সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিকরণে সঠিক সময়ে সার, সেচ ও কীটনাশক প্রয়োগ এবং ফসলভেদে উপকরণের সঠিক মাত্রা নির্ধারণ এবং রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হতে হবে। কৃষক সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের সমাবেশ কৃষকদের সচেতন করার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনা বিষয়ে সম্যক ধারণা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি কৃষকদের অর্গানিক বা জৈব পদ্ধতিতে চাষাবাদের আহ্বান জানান।

সমাবেশে মূল বক্তা হিসাবে গংগাচড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোছা: মারুফা খাতুন কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন গংগাচড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা: শাহনাজ বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম প্রমুখ। সমাবেশে অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।