সুন্দরগঞ্জে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

2026-06-14 20:42:26
news-picture

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা একাধিক মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী মো. ফারুক সরকার।

রোববার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক সরকার অভিযোগ করেন, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মো. দুলা মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। চলতি বছরের ৮ জানুয়ারি বিরোধের জের ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয় এবং জমি দখলের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় তিনি সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।

ফারুক সরকার আরও জানান, ওই স্ট্যাম্প উদ্ধারের জন্য তিনি আদালতে পৃথক মামলা দায়ের করেন। পরবর্তীতে গত ২ জুন প্রতিপক্ষের লোকজন তার ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় তিনি আবারও থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আসামিপক্ষ বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে আসছে। তিনি মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, একটি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। অপর একটি মামলা তদন্তাধীন রয়েছে। তবে মামলার বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।