গঙ্গাচড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

2026-06-24 13:03:05
news-picture

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য ফ্যাসিবাদী অপতৎপরতা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গঙ্গাচড়ায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে "রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি" স্লোগানকে সামনে রেখে গঙ্গাচড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গঙ্গাচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহম্মেদ স্বপন, সদস্য সচিব শাহিন আলম সোনা, সদস্য মমিনুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মহুবর রহমান, মুকুল মিয়া ও বুলু মিয়া, বড়বিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক চান মিয়া, আলমবিদিতর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুভ, বেতগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনাল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল হক, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুবদল নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।

তারা দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও তারেক রহমান গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু একটি মহল দেশকে অস্থিতিশীল করতে এবং উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

শেষে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী করার পাশাপাশি যেকোনো ধরনের ফ্যাসিবাদী অপতৎপরতা, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।