গঙ্গাচড়ায় থানায় অভিযোগের পরও থামেনি দখলচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ

2026-06-25 22:30:34
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর এলাকায় মালিকানা জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ভুক্তভোগী নয়া মিয়ার বাড়িতে ফের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী নয়া মিয়া জানান, গত ২৪ জুন দুপুরে গঙ্গাচড়া মডেল থানায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেনসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে তার মালিকানাধীন জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির বিষয়টি উল্লেখ করা হয়।

নয়া মিয়ার দাবি, অভিযোগের বিষয়টি জানতে পেরে ২৪ জুন বিকেলে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল বাতেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় অভিযোগ তুলে নিতে চাপ প্রয়োগ করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, থানায় অভিযোগ করার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ দায়েরের পরও বিরোধ না মিটে আরও জটিল আকার ধারণ করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে নয়া মিয়া অভিযোগ করেন, গত ২২ জুন সকালে ইউপি সদস্য আব্দুল বাতেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার বসতবাড়ি সংলগ্ন জমিতে প্রবেশ করে জোরপূর্বক জমি দখল করে খুঁটি স্থাপন ও আল নির্মাণ করেন। প্রতিবাদ করলে তাকে মারধর, মিথ্যা মামলায় জড়ানো, বাড়িতে আগুন দেওয়া এবং হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, বিবাদমান জায়গায় তার নামে প্রায় এক একর জমি রেকর্ড রয়েছে। তিনি নতুন করে আল নির্মাণ বা খুঁটি স্থাপনের অভিযোগও অস্বীকার করেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযোগের পর পুনরায় হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।